আগস্ট ২৪, ২০২৬, ১১:০২ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার পূর্ব দারিয়াপুর সেভেন স্টার ক্লাবের আয়োজনে আবুদপাড়া মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা উপলক্ষে মাঠজুড়ে দর্শকদের উপস্থিতিতে উৎসবের আমেজ তৈরি হয়। নারী ফুটবলারদের খেলায় স্থানীয় দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় খেলোয়াড়রা নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-এক আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছয় নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান আনিস।
এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা। খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর-এক আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
আয়োজকরা জানান, নারী খেলোয়াড়দের উৎসাহিত করা, তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং গ্রামীণ পর্যায়ে ক্রীড়ার প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন