সেপ্টেম্বর ১, ২০২৬, ০৭:৩৬ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের বৃহত্তম রেল অঙ্গন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার দুপুরে তিনি পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা বা কেলোকা পরিদর্শনে যান। দিনব্যাপী এই সফরে স্থানীয় প্রশাসন এবং রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
দুপুর সাড়ে বারোটার দিকে মার্কিন রাষ্ট্রদূত পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় পৌঁছান। এ সময় প্রায় দেড় ঘণ্টা ধরে তিনি কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন এবং রেলওয়ের সামগ্রিক কার্যক্রম ও অবকাঠামোগত দিক সম্পর্কে অবহিত হন। পরে তিনি উপজেলা প্রশাসন ও রেল কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার ভূমি মাহমুদ হুসাইন রাজু, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসিনুজ্জামান, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদ এবং রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবীসহ রেলওয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দুপুর আড়াইটার দিকে তিনি পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হন এবং স্টেশনের টিকেট কাউন্টার ও এক নম্বর প্ল্যাটফর্ম ঘুরে দেখেন। রেলওয়ের এই ঐতিহাসিক ও কারিগরি স্থাপনা পরিদর্শনের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পৃক্ততার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন