জাহিদ হাসান
সেপ্টেম্বর ৩, ২০২৬, ০৫:৫৮ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে উপজেলা পর্যায়ে তিপ্পান্নতম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে সফল বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উল্লেখ করেন যে শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা এবং সুস্থ প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে ওঠে। মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।