সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০২:৩১ পিএম
দিনাজপুরের বিরল উপজেলায় সারের কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধভাবে রাসায়নিক সার মজুদের বিরুদ্ধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। রবিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে পরিচালিত এই বিশেষ অভিযানে মোট এক হাজার ৩৯১ বস্তা অবৈধ রাসায়নিক সার জব্দ করা হয়েছে। একই সাথে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজন ব্যবসায়ীকে সর্বমোট এক লাখ দুই হাজার টাকা জরিমানা এবং একটি গুদাম সিলগালা করা হয়। কৃত্রিম সংকট তৈরি রুখতে একযোগে একাধিক বাজারে এই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় বিরল-বোচাগঞ্জ সড়কের পাশে ০২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে প্রথম অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল ইসলাম। অভিযানে মেসার্স শাহির ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ নাসিম ইকবাল খোকনকে অবৈধ মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তার গুদাম থেকে ৪৪৬ বস্তা টিএসপি, ২৭৬ বস্তা ডিএপি, ৪৬ বস্তা এমওপি এবং ১৪ বস্তা ইউরিয়াসহ মোট ৭৮২ বস্তা সার জব্দ করা হয়।
পরবর্তীতে একই রাতে সংলগ্ন এলাকায় অনুমোদনহীন খুচরা বিক্রেতা মোঃ আলিমের দোকানে তল্লাশি চালিয়ে সাত বস্তা টিএসপি, সাত বস্তা এমওপি ও তিন বস্তা ডিএপিসহ মোট ১৭ বস্তা সার জব্দ করা হয় এবং তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে ০৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে দ্বিতীয় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেন। তিনি মেসার্স নবাব ট্রেডার্সের স্বত্বাধিকারী মশিউর রহমানের নিবন্ধনবিহীন দুইটি ঘর থেকে ৩২ বস্তা ডিএপি, ২৫ বস্তা ইউরিয়া এবং ২৫ বস্তা এমওপিসহ মোট ৮২ বস্তা সার জব্দ করে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
একই দিন চককাঞ্চন মোড়ে পরিচালিত অপর এক অভিযানে মেসার্স হাসেম ট্রেডার্স নামের বিসিআইসি ডিলার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ হাসেমের ভাই মোঃ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১০৩ বস্তা ডিএপি ও ৪০৭ বস্তা এমওপিসহ মোট ৫১০ বস্তা অবৈধ সার জব্দ করে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অভিযান শেষে জব্দকৃত সব সার সরকারি নির্ধারিত মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে উন্মুক্ত বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। সার বিক্রির পুরো অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বিরল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুম্মান আক্তার ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল এমরান ও পুলিশ সদস্যরা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করেন। কৃষকদের স্বার্থ রক্ষা এবং সারের কৃত্রিম সংকট প্রতিরোধে এই ধরণের কঠোর বাজার নজরদারি আগামীতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে দিনাজপুর টিভি ডট কম নিশ্চিত করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন