শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৩:২৭ পিএম

বিরলে ট্রেনে কাটা পড়ে শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

দিনাজপুরের বিরল উপজেলায় রেললাইনের ওপর অসাবধানতাবশত বসে থাকার সময় ট্রেনে কাটা পড়ে জামাল (৬০) নামের এক শ্রবণপ্রতিবন্ধী বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ৩ নম্বর ধামইর ইউনিয়নের ডিপপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জামাল ওই ইউনিয়নের ধামইর গ্রামের মৃত কছির মোহাম্মদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে জামাল নামের ওই বৃদ্ধ ডিপপাড়া এলাকায় রেললাইনের ওপর বসে ছিলেন। ওই সময় পঞ্চগড় থেকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী ট্রেন এলাকাটি অতিক্রম করার সময় তিনি লাইনের ওপরই কাটা পড়েন। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, নিহত জামাল কানে কম শুনতেন। ট্রেন আসার শব্দ ও হুইসেলের আওয়াজ শুনতে না পাওয়ার কারণেই তিনি লাইন থেকে সরে যেতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর ধামইর ইউনিয়নসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে দুর্ঘটনাস্থলের পরিবেশ। রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।