সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৪:১১ পিএম
দিনাজপুরের বিরল বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে সায়েম ট্রেডার্স নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ২৭১ বস্তা অবৈধ সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির গোডাউন সিলগালা এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বিরল বাজারের সায়েম ট্রেডার্সে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম।
সরকারের নির্দেশনা অমান্য করে অবৈধভাবে সার মজুত ও বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই ঝটিকা অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকারের ২৭১ বস্তা সার পাওয়া যায়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব সারের কোনো বৈধ কাগজপত্র বা সন্তোষজনক উৎস দেখানো সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৭১ বস্তা সার জব্দ করার নির্দেশ দেন এবং অবৈধ মজুতের দায়ে নগদ পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোডাউনটি সম্পূর্ণ সিলগালা রাখার আদেশ দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার উপস্থিত ছিলেন। কৃষকদের অধিকার রক্ষা এবং সারের বাজারে যেকোনো ধরনের কৃত্রিম সংকট ও কালোবাজারি রুখতে উপজেলা প্রশাসনের এই ধরনের কঠোর তদারকি নিয়মিত চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে সার নিয়ে কোনো সিন্ডিকেট বা অবৈধ মজুত বরদাশত করা হবে না।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন