সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০১:১৬ পিএম
দিনাজপুর ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) মো. আরিফ আহমেদ। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তিনি এই চিকিৎসাকেন্দ্রের সার্বিক কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি। রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য।
পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন এই কর্মকর্তা ও সিভিল সার্জন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক, কর্মরত চিকিৎসক এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের সাথে মতবিনিময় করেন। এ সময় চিকিৎসাসেবায় বিদ্যমান সমস্যা, সেবাপ্রত্যাশীদের বাস্তব অভিজ্ঞতা এবং স্থানীয়দের নানা প্রত্যাশার কথা গুরুত্বের সাথে শোনেন তারা। এ সময় দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুল মুমতাহিনা এবং মেডিকেল অফিসার অব সিভিল সার্জন (এমওসিএস) ডা. হোসেন মো. নাহিদ উপস্থিত ছিলেন।
পরিদর্শন দল ডায়াবেটিক সমিতির বিভিন্ন ওয়ার্ড, পরীক্ষাগার ও বহির্বিভাগীয় অংশ ঘুরে দেখেন। চিকিৎসা ব্যবস্থার সার্বিক মানোন্নয়ন, সেবাপ্রার্থীদের ভোগান্তি লাঘব এবং কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। রোগীদের কল্যাণে মানসম্মত ও সমন্বিত চিকিৎসাসেবা প্রদানে সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার ওপর জোর দেন অতিরিক্ত সচিব।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন