ফাহিম হোসেন রিজু
অক্টোবর ২, ২০২৫, ০২:০৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ গাজীপুরের বাসন এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত আসামী, শ্রী শুভ দাস ওরফে আকাশ ওরফে সৌরভ (২৭), ঘোড়াঘাট পৌরসভার ঘাটপাড়া এলাকার শ্রী বকুল দাসের ছেলে। ২০২১ সালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হেরোইন বিক্রির সময় তিনি হাতে-নাতে ধরা পড়েন। এই মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে গাইবান্ধার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালত গত ১১ মার্চ ২০২৫ তারিখে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর থেকে আসামী পলাতক ছিল। আদালতের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের নির্দেশনায় এসআই আহনাফ তাহমিদের নেতৃত্বে পাঁচ মাসের প্রচেষ্টায় বুধবার (১ অক্টোবর) তাকে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ওসি নাজমুল হক জানান, "সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। আমরা বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে র্যাব-১ এর সহায়তায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।" তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে।