মোঃ ইউসুফ আলী
অক্টোবর ১৬, ২০২৫, ০৯:২৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর পৌরসভায় "Hand in Hand, for better foods and better future" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব খাদ্য দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর, ২০২৫) দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের হলরুমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং সাসটেইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ-এর সহযোগিতায় নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস (নাইস) প্রকল্পের আয়োজনে এই দিবসটি পালিত হয়। দিনাজপুর পৌরসভার অন্তর্গত ১১টি স্কুলের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সেন্ট ফিলিপস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল লিনুস কস্তার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইস প্রকল্পের দিনাজপুর পৌরসভার ফোকাল পার্সন মিজানুর রহমান সিদ্দিকী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডা. আব্দুল্লাহ-আল মামুন।
নাইস প্রকল্পের মাধ্যমে শহরবাসীর মধ্যে খাদ্য সচেতনতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার কার্যক্রম চলছে। নভারা হাই স্কুলের নিউট্রিশন ক্লাবের সাধারণ সম্পাদক ভূমিকা রায় বলেন, "আমরা পুষ্টিকর খাবার তৈরি ও উৎপাদন সম্পর্কে শিখছি এবং অন্যদেরকেও এগুলো শিখাচ্ছি, যাতে ভবিষ্যতে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুষ্টিকর রেসিপি এবং সেরা ক্যান্টিন ব্যবস্থাপনায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাইস প্রজেক্ট দিনাজপুরের প্রজেক্ট অফিসার মো. ইসমাইল হোসেন।