সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ফল বিপর্যয়েও দিনাজপুর সিটি রেসিডেন্সিয়ালের শতভাগ সাফল্য

মোঃমমিনুল ইসলাম

অক্টোবর ১৭, ২০২৫, ০৬:৫৫ পিএম

ফল বিপর্যয়েও দিনাজপুর সিটি রেসিডেন্সিয়ালের শতভাগ সাফল্য

দিনাজপুর টিভি

দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধরনের বিপর্যয় দেখা গেলেও, এই প্রতিকূলতার মধ্যেও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুর সিটি রেসিডেন্সিয়াল মডেল কলেজ। বোর্ডে পাসের হার যেখানে মাত্র ৫৭.৪৯ শতাংশ, সেখানে কলেজটি শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। শুধু তাই নয়, দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়ে কলেজটি প্রথম স্থান অধিকার করেছে এবং শিক্ষা বোর্ডের আট জেলার সম্মিলিত মেধাতালিকায় সেরা দশের মধ্যে পঞ্চম স্থান দখল করেছে।

এই অসাধারণ সাফল্যে কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। ভালো ফলাফলের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে একটি সংবর্ধনা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

কলেজের পরিচালক মোখলেসুর রহমান বলেন, "প্রতিষ্ঠার পর থেকেই আমরা শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এবারের ফলাফল আমাদের সেই ধারাবাহিক প্রচেষ্টারই প্রতিফলন।" তিনি শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে তারা বদ্ধপরিকর বলে জানান।

শিক্ষার্থীরা জানায়, দিনাজপুর বোর্ডের সার্বিক ফলাফল নিয়ে তারা কিছুটা শঙ্কিত ছিল। কিন্তু যখন তাদের কলেজের শতভাগ পাসের খবর এবং ৩৭ জন সহপাঠীর জিপিএ-৫ পাওয়ার গৌরব জানতে পারে, তখন তাদের আনন্দ বহুগুণে বেড়ে যায়।

শিক্ষার্থীরা আরও বলেন, এই সাফল্য শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও নিবিড় পরিচর্যার ফল। কলেজের সুশৃঙ্খল পরিবেশ, নিয়মিত ক্লাস ও পরীক্ষা এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ যত্নের কারণেই তারা সফল হতে পেরেছেন।অভিভাবকরা এই ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা কলেজের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে।