অক্টোবর ২৬, ২০২৫, ০৮:৪৪ পিএম
৭ দফা দাবিতে দিনাজপুর সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের কর্মচারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। রোববার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।মাস্টাররোল কর্মচারীদের বেতনের সমস্যা নিরসন, '২৭ মামলার নীতিমালা' চূড়ান্তকরণ এবং '২৭ মামলার নীতিমালায় ৭ মামলা' অন্তর্ভুক্ত করার দাবিতে কর্মচারীরা দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের কাছে এই স্মারকলিপি তুলে দেন।
এটি তাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ। এর আগে গত ৯ অক্টোবর থেকে ৭ দিনব্যাপী এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। এছাড়া গত ১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি এবং ২৩ অক্টোবর অফিস প্রধানের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপি প্রদানকালে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি মোছাঃ রাবেয়া খাতুন, মোছাঃ রুপজান, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল নাইম শুভসহ সওজ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লিখিত ৭ দফা দাবি: ১. '২৭ ও ৭ মামলায়' অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে দ্রুততম সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে। ২. সওজ-এর সকল মাস্টাররোল কর্মচারীকে '৩২১১১০৪ আনুষঙ্গিক প্রতিষ্ঠান কোড' থেকে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে। ৩. সওজ-এর সকল মাস্টাররোল কর্মচারীর বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে অবিলম্বে রাজস্ব খাতে আনয়ন করতে হবে। ৪. তৃতীয় ও চতুর্থ শ্রেণির সকল নিয়মিত কর্মচারীর দ্রুত স্থায়ীকরণসহ পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. সওজ-এর কর্মরত মাস্টাররোল কর্মচারীদের 'দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০-২৫'-এর অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে। ৬. সওজ-এর সকল কর্মচারীর পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের প্রস্তাব প্রেরণ করতে হবে। ৭. সওজ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি করে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে এবং প্রকল্পের ডাটাবেজের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন