মোঃ আব্দুর রাজ্জাক
অক্টোবর ২৯, ২০২৫, ০৬:২৬ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের কৃতিসন্তান, সাবেক সংসদ সদস্য, দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে বোচাগঞ্জে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।বোচাগঞ্জ উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন।
এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন এ এফ এম রিয়াজুল হক চৌধুরী স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক, বিএনপি নেতা আলহাজ্ব মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম।অনুষ্ঠানে আরও শুভেচ্ছা বক্তব্য রাখেন সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুস সাত্তার, শিক্ষক সুজন মহন্ত, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. জিল্লুর রহমান, অধ্যক্ষ রায়হান এবং বাবুল আকতার প্রমুখ।
আলোচনা শেষে বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি-২০২৫ শিক্ষাবর্ষে জিপিএ-৫ প্রাপ্ত ২১ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।