নভেম্বর ২, ২০২৫, ০৬:২৮ পিএম
দিনাজপুরের বোচাগঞ্জে প্রতিবন্ধী যুবকদের জন্য “অন্তর্ভুক্তিমূলক ও প্রবেশগম্য দক্ষতা উন্নয়ন” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচি পালিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখা এই প্রশিক্ষণের আয়োজন করে।লিলিয়ান ফন্ডস-এর অর্থায়নে এবং সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর সার্বিক সহযোগিতায় "দি মিনিংফুল পার্টিসিপেশন অ্যান্ড ইনক্লুশন অব চিলড্রেন অ্যান্ড ইয়ুথ উইথ ডিজঅ্যাবিলিটিস ইন অল ডোমেইনস অব কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন” প্রকল্পের আওতায় বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য প্রবেশগম্যতা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। এর মাধ্যমে প্রতিবন্ধী যুবদের প্রযুক্তিগত ও পেশাগত শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধি এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।প্রশিক্ষণ কর্মসূচিতে বোচাগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সানাউল্লাহ, চিফ ইন্সট্রাক্টর মো. আবু সাইদ চৌধুরীসহ সকল শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।
দীপশিখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার হিমাংশু দেব দত্ত রায় এবং সিবিআর কর্মকর্তা ওয়াসিম আলী।বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা তার সক্ষমতা অনুযায়ী সমাজে অবদান রাখতে পারে, যদি সমাজ, প্রতিষ্ঠান ও রাষ্ট্র তাদের প্রতি প্রবেশগম্যতা নিশ্চিত করে এবং অন্তর্ভুক্তিমূলক মনোভাব প্রদর্শন করে। এই প্রশিক্ষণ সেই দৃষ্টিভঙ্গিকেই আরও সুদৃঢ় করবে।
চিফ ইন্সট্রাক্টর মো. আবু সাইদ চৌধুরী বলেন, "আমাদের প্রতিষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভর্তি ফি নেওয়া হয় না, যাতে তারা আর্থিক প্রতিবন্ধকতা ছাড়াই শিক্ষা গ্রহণ করতে পারে। আমরা ভবিষ্যতে এ ধরনের শিক্ষার্থীদের সহায়তা অব্যাহত রাখব।"প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্তি ও প্রবেশগম্যতা বিষয়ক ধারণা, নীতিমালা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা নিশ্চিত করার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন