নভেম্বর ২, ২০২৫, ০৭:৪৬ পিএম
জাতীয় সমাজকল্যাণ পরিষদের পুনর্বাসন কর্মসূচির আওতায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় ৪ জন উপকারভোগীর মাঝে ৩টি করে মোট ১২টি ছাগল বিতরণ করা হয়েছে। প্রতিটি ২৫ হাজার টাকা অনুদানের অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপকারভোগীদের হাতে ছাগলগুলো তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোকনুজ্জামান, জোতবানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল এবং বিনাইল ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বাদশা।
সহায়তাপ্রাপ্ত উপকারভোগীরা হলেন—জোতবানী ইউনিয়নের চাকুল গ্রামের আনোয়ার হোসেন ও নছিমন বিবি, বিনাইল ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আব্দুল খালেক এবং মুকুন্দপুর ইউনিয়নের দক্ষিণ মুকুন্দপুর গ্রামের তোফাজ্জল হোসেন।উপকারভোগীরা জানান, দীর্ঘদিন কর্মসংস্থান না থাকায় তারা আর্থিক কষ্টে ছিলেন। সরকারের এই সহায়তা তাদের পরিবারের আয়বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার পথে বড় ভূমিকা রাখবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, "এই কর্মসূচির লক্ষ্য হলো বেকার ও অসহায় মানুষদের স্বাবলম্বী করে তোলা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা।"উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "সরকারের এই পুনর্বাসন কর্মসূচি শুধু সহায়তা নয়, বরং আত্মনির্ভরশীল গ্রামীণ জীবনের প্রতীক।"স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগের মাধ্যমে এলাকার দরিদ্র পরিবারের জীবনমানের উন্নয়ন ঘটবে এবং অন্যরাও কর্মমুখী হতে অনুপ্রাণিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন