সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ১০:৪৭ পিএম

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ আটক ১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং গোপন সংবাদের ভিত্তিতে ৫৬ কেজি গাঁজা ও ১৪২ পিস ইয়াবাসহ ১ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল দিনাজপুর সদরের নশিপুর এলাকা থেকে তাকে আটক করে।

ঘটনা সূত্রে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার নশিপুর খোসালপুর ঢাকাইয়া পাড়া এলাকার মৃত সোহরাব আলীর পুত্র মো. পশির উদ্দিন (৫৮) এবং পশির উদ্দিনের ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল (২৪)-এর শয়ন ঘর তল্লাশি করে ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে মো. পশির উদ্দিনকে আটক করা হয়। এ সময় পশির উদ্দিনের ছেলে মহসিন আলী ওরফে মেহেরুল পলাতক রয়েছে। উদ্ধারকৃত ৫৬ কেজি গাঁজা এবং ১৪২ পিস ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লক্ষ ২২ হাজার ৬০০ টাকা দেখানো হয়েছে।

আটককৃত পশির উদ্দিন (৫৮) এবং তার ছেলে পলাতক মহসিন আলী ওরফে মেহেরুল (২৪), মোট ২ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (গ), ১০(ক) ও ৪১ ধারায় দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

এই অভিযান সম্পর্কে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাকিবুজ্জামান নিশ্চিত করেছেন।