সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৩:১৬ পিএম
বোর্ডে প্রথম তাসফিয়াকে সংবর্ধনা জানিয়েছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ। ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম স্থান অর্জন করায় মোছাঃ তাসফিয়া রিফা রিমাকে এই আনুষ্ঠানিক সম্মাননা দেওয়া হয়। মঙ্গলবার সকালে স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এই সংবর্ধনার আয়োজন করা হয়। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ্ আল মামুন কৃতী শিক্ষার্থী তাসফিয়ার হাতে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন।
তিনি তাসফিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনেও সাফল্যের এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে পরামর্শ দেন। নবাবগঞ্জ উপজেলার শওগুনখোলা গ্রামের সন্তান তাসফিয়া স্থানীয় নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি মোট এক হাজার ৭১ নম্বর লাভ করে শিক্ষা বোর্ডে মেধা তালিকার শীর্ষে জায়গা করে নেয়। একই নম্বর পেয়ে রংপুরের আইডিয়াল পাবলিক স্কুলের মোছাঃ আনিশা ইসলামও যৌথভাবে বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে।
তাসফিয়ার এই অনন্য সাফল্যে তার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সহপাঠী এবং পুরো এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। তার বাবা মো. রুহুল আমিন ও মা মোছাঃ নাজমুস সুলতানা মেয়ের এই নজরকাড়া সাফল্যে গর্ব প্রকাশ করেছেন। কৃতী এই শিক্ষার্থী ভবিষ্যতে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক হয়ে দেশের সাধারণ মানুষের সেবা করতে চায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন