সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

কোন দেশে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩, ২০২৬, ১১:২১ পিএম

কোন দেশে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল

বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে নতুন করে জ্বালানি সংকট তৈরি হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালি নিয়ে চরম অস্থিরতা বিরাজ করায় আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। এর সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন দেশের অভ্যন্তরীণ বাজারে, যেখানে ইতিমধ্যে জ্বালানি তেলের দাম কয়েক দফা বাড়ানো হয়েছে। 

বাংলাদেশও এই বৈশ্বিক সংকটের বাইরে নেই। তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ চললেও হরমুজ প্রণালি পার হতে না পারায় বাংলাদেশগামী তেলের জাহাজগুলো বর্তমানে মাঝসমুদ্রে আটকে আছে। এর আগে জ্বালানির একাধিক চালান বাতিল হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের দাম আনুষ্ঠানিকভাবে না বাড়লেও পাম্পগুলোতে নিয়মিত দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তেল পেতে সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। 

সরকার এই পরিস্থিতির জন্য তেল মজুত করা এবং সাধারণ মানুষের আতঙ্কিত হয়ে প্রয়োজনের অতিরিক্ত কেনাকে দায়ী করছে। তবে এরই মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বড় ধরনের ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার তিনি জানান, বিশ্ববাজারে উচ্চমূল্যে জ্বালানি আমদানির ফলে সরকারি তহবিলে ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় দেশের বৃহত্তর স্বার্থে খুব শিগগিরই জ্বালানির মূল্য সমন্বয়ের কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। বর্তমানে দেশে ভোক্তাপর্যায়ে প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

গ্লোবাল পেট্রোল প্রাইস ডটকমের গত ৩০ মার্চের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্বের বিভিন্ন দেশে পেট্রোলের দামে ব্যাপক ব্যবধান রয়েছে। সাধারণত তেল উৎপাদনকারী দেশগুলোতে দাম অনেক কম। যেমন লিবিয়াতে প্রতি লিটার পেট্রোল মাত্র ২ টাকা ৮৭ পয়সায় বিক্রি হচ্ছে। এছাড়া ইরানে ৩ টাকা ৫০ পয়সা এবং কুয়েতে ৪১ টাকা ৫৯ পয়সা দরে পেট্রোল পাওয়া যাচ্ছে। অন্যান্য দেশগুলোর মধ্যে কাতারে ৬৮ টাকা ৯৮ পয়সা, সৌদি আরবে ৭৬ টাকা ১২ পয়সা এবং ওমানে ৭৬ টাকা ২২ পয়সা দরে পেট্রোল বিক্রি হচ্ছে। প্রতিবেশী দেশ ভুটানে প্রতি লিটার পেট্রোলের দাম ৮২ টাকা ৮৫ পয়সা এবং ভারতে ১৩২ টাকা ৭৩ পয়সা।

অন্যদিকে উন্নত ও আমদানিনির্ভর দেশগুলোতে দাম তুলনামূলক অনেক বেশি। সংযুক্ত আরব আমিরাতে প্রতি লিটার পেট্রোল ১০৯ টাকা ৪৯ পয়সা, আফগানিস্তানে ১১৬ টাকা ৩১ পয়সা এবং যুক্তরাষ্ট্রে ১৩৯ টাকা ৯৯ পয়সায় বিক্রি হচ্ছে। পাকিস্তানে তেলের দাম প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং সবশেষ হিসাবে সেখানে প্রতি লিটার পেট্রোল ১৪১ টাকায় ঠেকেছে। সবচেয়ে বেশি দামে তেল বিক্রি হচ্ছে যুক্তরাজ্যে, যেখানে প্রতি লিটার পেট্রোলের জন্য ভোক্তাদের গুনতে হচ্ছে ২৪১ টাকা ২৯ পয়সা। চীনে এই দাম ১৬৩ টাকা ৫৯ পয়সা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, যতক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হবে, ততক্ষণ বিশ্ববাজারে তেলের এই অস্থিরতা কমার সম্ভাবনা ক্ষীণ।