বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে বাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৯, ২০২৬, ১১:২২ এএম

বিশ্ববাজারে বাজারে আবারও জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বৃদ্ধি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসংকট এবং কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জুন মাসের জন্য নির্ধারিত ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এতে প্রতি ব্যারেল তেলের দাম দাঁড়িয়েছে ১১১ দশমিক ১৮ ডলারে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের সরবরাহের জন্য তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ৩৩ ডলারে পৌঁছেছে। তেলের এই মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। 

এর ফলে নিউইয়র্কের ওয়াল স্ট্রিটের টানা ঊর্ধ্বমুখী ধারা থমকে গেছে। বিশ্লেষকরা বলছেন, গত ফেব্রুয়ারির শেষ দিকে যেখানে তেলের দাম ছিল প্রায় ৭০ ডলার, সেখান থেকে তা এখন ১১৯ ডলারের ঐতিহাসিক উচ্চতার দিকে ধাবিত হচ্ছে।

বাজার বিশেষজ্ঞদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এই অস্থিরতার অন্যতম কারণ। যুক্তরাষ্ট্র সম্ভবত ইরানের সেই প্রস্তাব গ্রহণ করবে না, যেখানে হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে মার্কিন অবরোধ শিথিল করার কথা বলা হয়েছিল। এর পাশাপাশি ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রাখায় সরবরাহ ব্যবস্থা নিয়ে শঙ্কা আরও তীব্র হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সাধারণ মানুষের ওপর জ্বালানির উচ্চমূল্যের চাপ বাড়ছে। অটো ক্লাব এএএ-এর তথ্য অনুযায়ী, দেশটিতে গ্যাসোলিনের গড় দাম প্রতি গ্যালন ৪ দশমিক ১৮ ডলারে পৌঁছেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। বৈশ্বিক এই জ্বালানি সংকট আসন্ন দিনগুলোতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে মুদ্রাস্ফীতির চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।