সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ২, ২০২৬, ১০:৫৬ এএম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

স্বর্ণের নতুন বাজারদর

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সমন্বয় অনুযায়ী, ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বাজুসের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য নির্ধারণের তথ্য জানানো হয়।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পেয়েছে। 

সার্বিক পরিস্থিতি বিবেচনা করে জুয়েলারি ব্যবসায়ীদের এই সংগঠনটি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকায় বিক্রি হচ্ছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা।

এর আগে গত ৩০ এপ্রিল সকালেও দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেই সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা করা হয়েছিল। তবে একই দিন সন্ধ্যায় পুনরায় দাম বাড়িয়ে মূল্য আগের অবস্থানে নিয়ে আসা হয়।সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৬০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ২৭ দফায় কমানো হয়েছে। 

এর আগে ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং কমানো হয় ২৯ বার।স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় কেনাবেচা হচ্ছে।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৩৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৯ বার দাম বেড়েছে এবং বাকি ১৭ বার কমানো হয়েছে। গত ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করেছিল বাজুস। এর মধ্যে ১০ বার দাম বেড়েছিল এবং ৩ বার কমানো হয়েছিল।