জুন ৮, ২০২৬, ০৫:২৭ পিএম
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত সপ্তাহের শক্তিশালী মার্কিন কর্মসংস্থান সংক্রান্ত তথ্যের জেরে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর প্রত্যাশা জোরালো হওয়ায় স্বর্ণের ওপর এই চাপ তৈরি হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২৯০ দশমিক ৬৬ ডলারে দাঁড়িয়েছে। গত ২৩ মার্চের পর এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম। এর আগে শুক্রবারও মূল্যবান এই ধাতুর দাম ৩ শতাংশের বেশি কমেছিল।
এছাড়াও আগস্ট মাসে ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩১৫ দশমিক ৪০ ডলারে নেমে এসেছে।সাধারণত উচ্চ সুদের হার স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমিয়ে দেয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি এবং কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী নীতিগত সিদ্ধান্তের দিকে কড়া নজর রাখছেন বিনিয়োগকারীরা।
এর পাশাপাশি ইসরায়েল-ইরান পাল্টাপাল্টি হামলার কারণে তেলের দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতির আশঙ্কা তৈরি হয়েছে। এই অস্থিরতার মাঝে বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার ও অর্থনৈতিক সূচকের ওপর ভিত্তি করেই আগামীতে স্বর্ণের বাজার নির্ধারণ হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন