বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৬:৫১ পিএম

বিশ্ববাজারে কমল  জ্বালানি তেলের দাম

ওপেক প্লাসের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্তের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করায় বাজারে সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩৪ সেন্ট বা শূন্য দশমিক ৪৭ শতাংশ কমে ৭১ দশমিক ৭৮ ডলারে নেমে আসে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২০ সেন্ট বা শূন্য দশমিক ২৯ শতাংশ কমে ৬৮ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

রোববার ওপেক প্লাস আগস্ট মাস থেকে দৈনিক আরও ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। যদিও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের কারণে অনেক সদস্য দেশ নির্ধারিত উৎপাদন কোটা পুরোপুরি পূরণ করতে হিমশিম খাচ্ছে।

ইরানের সঙ্গে সংঘাতের কারণে বিঘ্নিত হরমুজ প্রণালি দিয়ে সৌদি আরব, কুয়েত ও ইরাকের তেল রপ্তানি আবার সচল হয়েছে। রয়টার্সের জরিপ অনুযায়ী, জুন মাসে ওপেকের মোট তেল উৎপাদন দৈনিক ৩ লাখ ৩০ হাজার ব্যারেল বেড়েছে। এছাড়া রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বন্দরগুলো থেকেও তেল রপ্তানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।