জুলাই ২২, ২০২৬, ০১:৫৪ পিএম
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মাঝে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই উভয় অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের নতুন এই তথ্যের ফলে বৈশ্বিক বাণিজ্যে নতুন করে অর্থনৈতিক আলোচনার সৃষ্টি হয়েছে।পাঁচ সপ্তাহের মধ্যে তেল এখন সর্বোচ্চ দামে স্থির রয়েছে।
রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনের তথ্য বলছে, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেলে ১ ডলার বা ১ দশমিক ১ শতাংশ বেড়ে ৯২ দশমিক শূন্য ১ ডলারে দাঁড়িয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৮২ সেন্ট বা ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ১৬ ডলারে লেনদেন হচ্ছে। এর আগে মঙ্গলবার দিনের শেষে ব্রেন্ট ফিউচারের দাম প্রতি ব্যারেল ৯১ দশমিক শূন্য ১ ডলারে এবং ডব্লিউটিআই তেলের দাম ৮৪ দশমিক ৯১ ডলারে স্থির হয়েছিল।
দক্ষিণ ও পশ্চিম ইরানে মার্কিন বাহিনীর হামলা এবং কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ইরানের হামলার পর থেকেই আন্তর্জাতিক বাজারে এই অস্থিরতা শুরু হয়েছে। মূলত এই ভূরাজনৈতিক সংঘাতের প্রত্যক্ষ প্রভাব হিসেবেই জ্বালানি তেলের বাজার দ্রুত প্রতিক্রিয়া দেখাচ্ছে। পরিস্থিতি আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেদিকেই এখন তীক্ষ্ণ নজর রাখছেন বৈশ্বিক অর্থনীতিবিদ ও বাজার বিশ্লেষকরা।
তথ্যসূত্র: আলজাজিরা

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন