বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

বিশ্ববাজারে তেলের দামে বড় ধস

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ১১:৫০ এএম

বিশ্ববাজারে তেলের দামে বড় ধস

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন রেকর্ড করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় একদিনেই তেলের দাম কমেছে ছয় শতাংশের বেশি। এর ফলে মধ্যপ্রাচ্যকে ঘিরে তৈরি হওয়া দীর্ঘদিনের সরবরাহ-সংকটের আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সোমবার ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ছয় শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৪১ ডলারে নেমে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর ঘোষণা দেওয়ার পরপরই বিশ্ববাজারে এই বড় পতন ঘটে। হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আলোচনার সুযোগ তৈরি করতে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। বাজারের বিনিয়োগকারীরা এই ঘোষণাকে ইতিবাচক হিসেবে গ্রহণ করায় তেলের দাম দ্রুত নিম্নমুখী হয়।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের ইঙ্গিতের ইতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক শেয়ারবাজারেও।সোমবার এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স শূন্য দশমিক চার শতাংশ এবং নাসডাক ফিউচার্স শূন্য দশমিক ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে এর বিপরীত চিত্র দেখা গেছে এশিয়ার কয়েকটি বড় শেয়ারবাজারে। জাপানের নিক্কেই সূচক এক শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কোস্পি সূচক তিন দশমিক ছয় শতাংশ কমেছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রাবাজারে জাপানি ইয়েনের মান এক শতাংশের বেশি শক্তিশালী হয়েছে।