নভেম্বর ১৫, ২০২৫, ১০:৫০ পিএম
এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের বা খাতা চ্যালেঞ্জের ফল আগামীকাল রবিবার (১৬ নভেম্বর) প্রকাশ করা হবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পুনর্নিরীক্ষণের ফল রবিবার সকাল ১০টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই আবেদনকারীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও এই ফলাফল জানিয়ে দেওয়া হবে।
শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী তাদের ৪ লাখ ২৮ হাজার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন।
বোর্ডভিত্তিক আবেদনের পরিসংখ্যানে দেখা যায়, সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম আবেদন এসেছে বরিশাল বোর্ড থেকে। বিষয়ভিত্তিকভাবে পর্যালোচনা করলে দেখা যায়, সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে।উল্লেখ্য, গত ১৬ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়েছিল। এর পরদিন ১৭ অক্টোবর থেকে শুরু করে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিনব্যাপী শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করেন।
এই বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছিলেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, যেখানে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। এই ফল অনুযায়ী, ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ হলেও ছাত্রদের পাসের হার ছিল ৫৪ দশমিক ৬০ শতাংশ। বিপুল সংখ্যক শিক্ষার্থী মূল ফলে সন্তুষ্ট না হওয়ায় এবার খাতা চ্যালেঞ্জের আবেদন রেকর্ড গড়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন