নভেম্বর ১৬, ২০২৫, ১০:৪১ এএম
২০২৫ সালের এইচএসসি, আলিম এবং সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের বা খাতা চ্যালেঞ্জের ফল আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হয়েছে।
দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড—মোট ১১টি বোর্ডের ওয়েবসাইটেই এই ফল একসঙ্গে প্রকাশ করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, একইসঙ্গে যেসব নম্বর থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা হয়েছিল, সেই সব নম্বরেও ক্ষুদেবার্তা বা এসএমএস পাঠিয়ে ফল সম্পর্কে আবেদনকারীদের জানিয়ে দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবার খাতা পুনঃনিরীক্ষণের জন্য রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছিল। দেশের ১১টি শিক্ষাবোর্ডে মোট ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী তাদের ৪ লাখ ২৮ হাজার খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।
এই বিশাল সংখ্যক আবেদনের মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং আবেদনের সংখ্যায় সবচেয়ে কম ছিল বরিশাল বোর্ডে। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী ফলাফল এসেছে কিনা, তা জানতে তারা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল পরীক্ষা করতে পারেন।
বিষয়ভিত্তিকভাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে। গত ১৬ অক্টোবর ফল প্রকাশের পরদিন ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সাত দিন আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
উল্লেখ্য, এ বছর সারা দেশের ৯ হাজার ১৯৭টি প্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন (৪১ দশমিক ১৭ শতাংশ)। ছাত্রীদের পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের ৫৪ দশমিক ৬০ শতাংশ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন