বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বেরোবিতে প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

রাকিবুল হাসান মুন্না

নভেম্বর ২০, ২০২৫, ০৫:৪১ পিএম

বেরোবিতে প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ঐতিহাসিক সমাবর্তনে অংশগ্রহণের জন্য ১ম থেকে ১২শ ব্যাচের ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, "বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১২তম ব্যাচের যারা ইতোমধ্যে ডিগ্রি অর্জন করেছেন, তারা এই ঐতিহাসিক প্রথম সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।"

তিনি আশা ব্যক্ত করেন, ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এক স্মরণীয় দিনে পরিণত হবে।উপাচার্য আরও জানান, সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।মার্কেটিং বিভাগের এমবিএ (প্রফেশনাল) প্রথম ব্যাচের শিক্ষার্থী মো. শহিদ সরকারের রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. জাহিদ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রথম সমাবর্তন সম্পর্কিত সকল বিজ্ঞপ্তি ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://convocation.brur.ac.bd) প্রকাশ করা হবে।