রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাবি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ০৫:৪৪ পিএম

ঢাবি চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের কাছে ফলাফলের নথি আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর এই ফল প্রকাশ করা হয়।

এ বছর ভর্তি পরীক্ষায় সামগ্রিকভাবে পাশের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ২৫ শতাংশ।জানা গেছে, গত ২৯ নভেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

পরীক্ষায় সাধারণ জ্ঞান ও অঙ্কন—এই দুটি বিষয়ে প্রার্থীদের দক্ষতা যাচাই করা হয়। চারুকলা ইউনিটে এবার মোট ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৩৫২ জন প্রার্থী।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন মোট ৬০২ জন। উত্তীর্ণদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ১৪৫ জন ছাত্র এবং ৪৫৭ জন ছাত্রী পরীক্ষায় পাস করেছেন। আসনসংখ্যার তুলনায় উত্তীর্ণের সংখ্যা বেশি হওয়ায় মেধাক্রম অনুযায়ী চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

পরীক্ষার ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট admission.eis.du.ac.bd-এ জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক নম্বর থেকে DU FRT লিখে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠালেও ফিরতি বার্তার মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। ফল প্রকাশ উপলক্ষে চারুকলা অনুষদের ডিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপাচার্যের হাতে ফলাফলের নথি তুলে দেন।