রকিবুল হাসান মুন্না
ডিসেম্বর ১৪, ২০২৫, ০৩:৪৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন রংপুরের পীরগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারটি আনুষ্ঠানিকভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
এর মাধ্যমে সেন্টারটির ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব গ্রহণ করল দেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়টি।আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলায় অবস্থিত আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সেন্টারটির দায়িত্ব বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ-এর কাছে হস্তান্তর করেন।
হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর কমলেশ চন্দ্র রায় সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্টারটি পরিচালিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থী, স্থানীয় তরুণ সমাজ এবং উদ্ভাবনী কাজে আগ্রহী উদ্যোক্তারা তথ্যপ্রযুক্তি-ভিত্তিক প্রশিক্ষণ, গবেষণা ও উদ্ভাবনের বাস্তব সুযোগ পাবেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিশেষ করে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফ্রিল্যান্সিং, স্টার্টআপ উদ্যোগ এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে সেন্টারটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।এই সেন্টারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার পথ আরও সুগম হবে। পাশাপাশি উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।