ডিসেম্বর ২৭, ২০২৫, ০৫:০১ পিএম
দীর্ঘ ৩৮ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫। এই ঐতিহাসিক নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটারদের জন্য ১২টি জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (২৭ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়মগুলো প্রকাশ করা হয়।
ভোটার তালিকায় নাম নেই এমন কেউ ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। প্রবেশপথে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র দেখাতে হবে। যাদের কার্ড নেই, তারা কিউআর কোড স্ক্যান করে ভোটার স্লিপ সংগ্রহ করতে পারবেন।
ভোটকেন্দ্রে ব্যাগ, মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো দায়িত্বরত কর্মকর্তার কাছে জমা দিয়ে ভোট দিতে হবে।প্রত্যেক ভোটারকে সিলযুক্ত ৩টি ব্যালট পেপার দেওয়া হবে। ব্যালট ছেঁড়া বা নষ্ট করা যাবে না; কারণ কোনো অতিরিক্ত ব্যালট দেওয়া হবে না।জকসু বা কেন্দ্রীয় সংসদের জন্য বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এবং হল সংসদের জন্য ডান হাতের বৃদ্ধাঙ্গুলে কালি লাগানো হবে।
কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৭ জন এবং হল সংসদের সদস্য পদে সর্বোচ্চ ৪ জনকে ভোট দেওয়া যাবে। এর বেশি ভোট দিলে ওই পদের ভোট বাতিল হবে।বুথে রাখা নির্ধারিত কলম দিয়েই ভোট দিতে হবে। ভোট দেওয়া শেষে প্রার্থীদের বাদে অন্য সাধারণ ভোটারদের দ্রুত ক্যাম্পাস ত্যাগ করার অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, দীর্ঘ সময় পর হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ৩০ ডিসেম্বর সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন