রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জবির ছাত্র সংসদ নেতাকে থাপ্পড়ের অভিযোগে ছাত্রদল নেত্রী বহিষ্কার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৪, ২০২৬, ১১:৩৬ এএম

জবির ছাত্র সংসদ নেতাকে থাপ্পড়ের অভিযোগে ছাত্রদল নেত্রী বহিষ্কার

জবিতে ছাত্রদল নেত্রী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ক্রীড়া সম্পাদক জর্জিস আনোয়ার নাঈমকে প্রকাশ্যে থাপ্পড় মারার অভিযোগে ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৩ এপ্রিল) উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শিক্ষক ও শিক্ষার্থীদের সামনেই ক্রীড়া সম্পাদক নাঈমকে থাপ্পড় মারেন সাদিয়া সুলতানা নেলী। এই অনভিপ্রেত ঘটনার প্রেক্ষিতে জকসু নেতৃবৃন্দ অভিযুক্তের স্থায়ী বহিষ্কারের দাবিতে আল্টিমেটাম প্রদান করেছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দীন সংবাদ সম্মেলনে জানান, ক্যাম্পাসে কোনো প্রকার শৃঙ্খলা পরিপন্থী কাজ বরদাশত করা হবে না। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এ ছাড়া সংশ্লিষ্ট ক্রীড়া কমিটির আহ্বায়ককে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান তিনি।জকসু ভিপি রিয়াজুল ইসলাম প্রশাসনের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি অভিযুক্ত নেত্রীর স্থায়ী শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। জকসু নেতৃবৃন্দ মনে করছেন, এ ধরনের আচরণের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন।

এদিকে বহিষ্কৃত ছাত্রদল নেত্রী সাদিয়া সুলতানা নেলী জানিয়েছেন, তাঁকে এখনো দাপ্তরিকভাবে বহিষ্কারের বিষয়ে কিছু জানানো হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তীতে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।