জানুয়ারি ৫, ২০২৬, ১০:৪৬ এএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদসহ এক শিক্ষার্থীকে আটক করেছে হল প্রশাসন। আটককৃত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের একজন সক্রিয় কর্মী এবং জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে হল সংসদের সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।
রোববার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযুক্ত শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ সরকার। তিনি সরকার ও রাজনীতি বিভাগের ৫২ ব্যাচের ছাত্র এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তবে তিনি অবৈধভাবে কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।
হল প্রভোস্ট (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে হল প্রশাসন ও হল সংসদের সদস্যরা ওই কক্ষে অভিযান চালায়। এ সময় অভিযুক্তের টেবিলের লকার থেকে ৯ বোতল এবং খাটের নিচ থেকে আরও ১১ বোতল মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে ১৭ বোতল ভদকা ও ৩ বোতল হুইস্কি রয়েছে।জানা যায়, অভিযুক্ত আজওয়াদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাবিয়া গ্রামে, যা সীমান্তবর্তী এলাকা।
অভিযোগ রয়েছে, তিনি সীমান্ত থেকে অবৈধভাবে মদ এনে ক্যাম্পাসে বিক্রি করতেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগান এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদকের কারবার পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে আটকের পর আজওয়াদ দাবি করেন এগুলো বিক্রির জন্য নয়, নিজে খাওয়া ও বন্ধুদের দেওয়ার জন্য আনা হয়েছে।

হল প্রভোস্ট জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলাবিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার কথাও জানান তিনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন