জানুয়ারি ৫, ২০২৬, ০২:২২ পিএম
২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের জন্য সময়সূচিসহ গুরুত্বপূর্ণ ‘অতীব জরুরি’ নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (৪ জানুয়ারি) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে নির্বাচনী (টেস্ট) পরীক্ষা এবং ফরম পূরণের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
নির্বাচনী পরীক্ষা: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু করতে হবে।
ফলাফল প্রকাশ: এসব পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে প্রকাশ নিশ্চিত করতে বলা হয়েছে।
ফরম পূরণ: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১১ মার্চ ২০২৬ থেকে।
বোর্ডের বার্তা: বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং প্রক্রিয়া যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এই নির্দেশনাবলী অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে বলা হয়েছে।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী পরীক্ষা সম্পন্ন করে ফল প্রকাশ করা হলে পরীক্ষার্থীরা মূল পরীক্ষার আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাবে। তাই কোনোভাবেই যেন নির্ধারিত সময়সীমা অতিক্রম না হয়, সেদিকে কঠোর নজরদারির কথা বলা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন