জানুয়ারি ৬, ২০২৬, ০৫:১৮ পিএম
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ আবারও পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এক নতুন বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ মার্চ থেকে শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে।
এর আগে গত ৪ জানুয়ারি ফরম পূরণের যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল বোর্ড কর্তৃপক্ষ সেটি বাতিল ঘোষণা করেছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা শেষ করে আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে।
শিক্ষা বোর্ড জানিয়েছে ফরম পূরণের বিস্তারিত সময়সূচি এবং পূর্ণাঙ্গ নির্দেশনাবলী যথাসময়ে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হবে। উল্লেখ্য যে এর আগেও দুই দফায় ফরম পূরণের তারিখ ঘোষণা করা হলেও বিভিন্ন কারণে তা পরিবর্তন করা হয়েছে।
বারবার তারিখ পরিবর্তনের ফলে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হলেও বোর্ড কর্তৃপক্ষ বলছে সুশৃঙ্খলভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যেই এই সমন্বয় করা হচ্ছে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে নতুন এই সময়সীমা মেনে নির্বাচনি পরীক্ষার ফলাফল ও ফরম পূরণের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন