সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

জবি ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭ শতাংশ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৬, ১০:৫৪ পিএম

জবি ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮৭ শতাংশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ডি-ইউনিটের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। সামাজিক বিজ্ঞান অনুষদের মোট ৬১০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ২৫ হাজার ৮২৬ জন ভর্তিচ্ছু।

এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ২২ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী। অর্থাৎ উপস্থিতির হার ছিল ৮৬ দশমিক ৮৮ শতাংশ বা প্রায় ৮৭ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৩৮৮ জন শিক্ষার্থী।

মূল ক্যাম্পাস ছাড়াও রাজধানীর ৫টি বাহ্যিক কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো—বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা কলেজিয়েট স্কুল, মহানগর মহিলা কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ।ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম (পিএইচডি) জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ গিয়াস উদ্দিনসহ অন্যান্য জ্যেষ্ঠ শিক্ষকবৃন্দ।ফলাফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।