সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬,

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৯, ২০২৬, ১২:৩২ পিএম

শাকসু নির্বাচন বন্ধে হাইকোর্টে রিট, শিক্ষার্থীদের বিক্ষোভ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দীর্ঘ ২৭ বছর পর আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বহুল প্রতীক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে স্বতন্ত্র ভিপি পদপ্রার্থী মোমিনুর রশিদ শুভর করা রিট আবেদনটি শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। 

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গোল চত্বরে বিভিন্ন প্যানেলের প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীরা জড়ো হয়ে ২০ তারিখেই ভোটগ্রহণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘২০ তারিখ শাকসু নির্বাচন দিতে হবে’, ‘শাকসু নিয়ে ষড়যন্ত্র মানি না মানব না’ এবং ‘নির্বাচন বন্ধের ষড়যন্ত্র রুখে দেবে শিক্ষার্থীরা’—এমন সব স্লোগান দিয়ে ক্যাম্পাস মুখরিত করে তোলেন। 

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ছাত্র সংসদ নির্বাচন তাদের গণতান্ত্রিক অধিকার এবং একটি বিশেষ গোষ্ঠী নিজেদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে আইনি মারপ্যাঁচ ব্যবহার করে এই প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চাইছে। বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার সাস্টিয়ান’ প্যানেলের জিএস পদপ্রার্থী মুজাহিদুল ইসলাম বলেন, "শাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা সাধারণ শিক্ষার্থীরা বরদাশত করবে না। যেকোনো মূল্যে কালকের ভোট নিশ্চিত করতে হবে।

আইনি প্রক্রিয়ার বিষয়ে জানা গেছে, শাকসু নির্বাচন স্থগিত চেয়ে করা রিটটি আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকার ৩ নম্বর ক্রমিকে ছিল। 

রিট আবেদনকারী মোমিনুর রশিদ শুভর দাবি, জাতীয় সংসদ নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা আইনসংগত নয়। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইসি থেকে প্রয়োজনীয় অনাপত্তি নিয়েই এই নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আজকের রিট শুনানির আদেশের ওপরই নির্ভর করছে কালকের ভোটের ভাগ্য। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।