আবু সালেহ মো. রায়হান
জানুয়ারি ২১, ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
পঞ্চগড় সরকারি কলেজ ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদ এবং অনতিবিলম্বে নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা শাখা।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে জেলা শহরের কোর্ট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শেরে বাংলা পার্কে এসে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র সংসদ একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ। অথচ জাতীয় নির্বাচনের দোহাই দিয়ে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে, যা সাধারণ শিক্ষার্থীদের অধিকার হরণের শামিল। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা না করলে আগামীতে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বিক্ষোভ মিছিলে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম, সেক্রেটারি মুহিবুল্লাহসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে আইনশৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ মোতায়েন ছিল।