সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২০, ২০২৬, ১০:০৯ এএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে উত্তাল শাহজালাল বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন হাইকোর্ট কর্তৃক চার সপ্তাহের জন্য স্থগিত করার আদেশে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার এই আদেশ আসার পর থেকেই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে এবং সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে। 

এর আগে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম নির্বাচনে দায়িত্ব পালন না করার ঘোষণা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। উত্তেজিত শিক্ষার্থীরা দুপুরের দিকে উপাচার্যের (ভিসি) ভবনে তালা ঝুলিয়ে দেয়, যার ফলে উপাচার্যসহ অন্য কর্মকর্তারা প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ থাকেন। রাত ১টার দিকে কিছু শর্তসাপেক্ষে তালা খুলে দেওয়া হলে তারা বের হতে সক্ষম হন। 

শিক্ষার্থীরা শর্ত দিয়েছেন যে, মঙ্গলবারই আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাকসু নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহারের ব্যবস্থা করতে হবে এবং উপাচার্য শিক্ষার্থীদের না জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে পারবেন না। 

এদিকে, নির্বাচন বন্ধের এই ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যায়িত করে এর প্রতিবাদে আজ মঙ্গলবার দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী ছাত্রশিবির। অন্যদিকে, হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার জজ আদালতে আবেদন করলেও তা নিয়মিত পদ্ধতিতে না আসায় শুনানি হয়নি। উল্লেখ্য যে, স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভসহ তিন প্রার্থীর করা রিটের প্রেক্ষিতে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের বেঞ্চ এই স্থগিতাদেশ দেন। 

ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল ক্ষমতা দখলের আগেই শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। উপাচার্য অধ্যাপক এএম সারওয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছেন, আদালতের রায়ের প্রতি তারা শ্রদ্ধাশীল তবে আইনি লড়াই চালিয়ে যাবেন। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।