সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে যা জানা গেল

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ০৫:০৭ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা নিয়ে যা জানা গেল

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হলেও তাদের মৌখিক পরীক্ষা (ভাইভা) নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোটের প্রস্তুতির কারণে সরকারি দপ্তরগুলো এখন তুমুল ব্যস্ত। 

এই পরিস্থিতিতে নির্বাচনের আগে বিপুল সংখ্যক প্রার্থীর মৌখিক পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE) জানিয়েছে, পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মৌখিক পরীক্ষা জেলা পর্যায়ে জেলা প্রশাসকদের (ডিসি) অধীনে অনুষ্ঠিত হয়। বর্তমানে জেলা প্রশাসকরা নির্বাচন ও গণভোট আয়োজনে প্রধান সমন্বয়কারী হিসেবে ব্যস্ত সময় পার করছেন। 

তাই মৌখিক পরীক্ষার সময়সূচি নির্ধারণের আগে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে ডিসিদের মতামত নেওয়া হবে। নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি পাওয়া না গেলে ভাইভা নির্বাচন পরবর্তী সময়ে পিছিয়ে যেতে পারে। তবে অধিদপ্তর দ্রুত তারিখ ঘোষণার জন্য ডিসিদের কাছ থেকে মতামত সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি এবং অপারেশন) এ কে মোহম্মদ সামছুল আহসান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

যে, মৌখিক পরীক্ষার সময়সূচি নিয়ে বর্তমানে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। তারিখ চূড়ান্ত হওয়ার সাথে সাথেই তা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। এর আগে গত ২১ জানুয়ারি রাতে প্রকাশিত ফলাফলে ৬১টি জেলায় শর্তসাপেক্ষে ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্যপদের বিপরীতে এই প্রার্থীরা এখন চূড়ান্ত লড়াইয়ের অপেক্ষায় রয়েছেন।