জানুয়ারি ২৩, ২০২৬, ০৯:৪৮ এএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা পর্যায়ে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। যেসব জেলায় পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেখানে একাধিক ইন্টারভিউ বোর্ডের মাধ্যমে পরীক্ষা সম্পন্ন করা হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কিছু জরুরি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ২৭ জানুয়ারি ২০২৬ তারিখের মধ্যে সকল প্রয়োজনীয় কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে।
জমা দেওয়ার সময় অনলাইনে আবেদনের ছবি, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদসহ সকল মূল কাগজপত্র প্রদর্শন করতে হবে এবং অফিস থেকে একটি প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে।কোটাভুক্ত প্রার্থীদের জন্য অতিরিক্ত কিছু নথি আবশ্যিক করা হয়েছে। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে গেজেট ও সম্পর্ক সনদ, শারীরিক প্রতিবন্ধীদের জন্য `সুবর্ণ নাগরিক কার্ড`, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সমাজসেবা অধিদপ্তরের সনদ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক বা ইউএনও প্রদত্ত সনদ জমা দিতে হবে।
মৌখিক পরীক্ষার নির্দিষ্ট তারিখ, সময় ও স্থান সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে পাওয়া যাবে।উল্লেখ্য যে, গত বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেশজুড়ে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মৌখিক পরীক্ষার দিন প্রার্থীদের অবশ্যই সকল মূল সনদ এবং সংগৃহীত প্রাপ্তি স্বীকারপত্র সাথে আনতে হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন