রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিকে নতুন মূল্যায়ন পদ্ধতি: চলতি বছর থেকেই কার্যকর

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬, ১১:৩৮ পিএম

প্রাথমিকে নতুন মূল্যায়ন পদ্ধতি: চলতি বছর থেকেই কার্যকর

চলতি ২০২৬ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মূল্যায়ন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিমার্জিত মূল্যায়ন কাঠামো কার্যকরের লক্ষ্যে মূল্যায়নবিষয়ক পরিমার্জিত অনুচ্ছেদ অনুমোদন করেছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি বা এনসিসিসি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। 

নতুন এই পদ্ধতির মাধ্যমে প্রাথমিক শিক্ষাকে আরও শিক্ষার্থীবান্ধব ও দক্ষতাভিত্তিক করতে ধারাবাহিক মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়নের মধ্যে একটি যৌক্তিক সমন্বয় আনা হয়েছে। 

কার্যকর হতে যাওয়া নতুন মূল্যায়ন পদ্ধতি অনুযায়ী প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে সব বিষয়ে ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়নের অনুপাত থাকবে সমান অর্থাৎ ৫০ শতাংশ করে। তবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার ভিত্তিতে ধারাবাহিক মূল্যায়ন হবে ৩০ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন নির্ধারণ করা হয়েছে ৭০ শতাংশ। 

কিছু বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট শ্রেণিতে কেবল ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমেই শিক্ষার্থীর অগ্রগতি যাচাই করা হবে। প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন যে নতুন এই মূল্যায়ন ব্যবস্থা শিক্ষার্থীদের মুখস্থনির্ভরতা কমিয়ে বাস্তবভিত্তিক শেখার অভিজ্ঞতা জোরদার করবে। এটি শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের জন্য মূল্যায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর ও সহজ করে তুলবে। 

জাতীয় শিক্ষাক্রম ২০২১ বাস্তবায়নে এই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। মূল্যায়নবিষয়ক এই পরিমার্জিত নির্দেশিকা দ্রুত সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রকাশ করে সবার জন্য উন্মুক্ত করা হবে বলেও সভায় জানানো হয়েছে।