মার্চ ১০, ২০২৬, ০৭:১৩ পিএম
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এই সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সচেতন ভোক্তা সমাজ গড়ে তুলতে পারলে বাজারে বিদ্যমান প্রতারণা, ভেজাল ও বিভিন্ন ধরনের অনিয়ম অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, শিক্ষার্থীরা যদি এই আইন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে, তবে তারা নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা ছড়িয়ে দিতে সক্ষম হবে।
এ ধরনের সচেতনতামূলক আয়োজন শিক্ষার্থীদের জ্ঞান বিকাশের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।ক্যাব রংপুর জেলা শাখার সভাপতি আলহাজ মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং মার্কেটিং বিভাগের প্রফেসর শেখ মাজেদুল হক।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য প্রদান করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর শাখার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হোসেন এবং বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক (প্রকৌশলী) মো. মেসবাহ উল হাসান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা এবং কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন