মার্চ ৩১, ২০২৬, ০১:১৯ পিএম
গণভোট বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের ‘নয়ছয়’ বরদাশত করা হবে না বলে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব। সোমবার (৩০ মার্চ) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই শক্ত অবস্থানের কথা জানান দেন।
মূলত গণভোট অধ্যাদেশ বিল বাতিল হওয়ার ঘোষণা প্রকাশ পাওয়ার পরই এই ছাত্রনেতা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধা তার স্ট্যাটাসে বর্তমান সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলোর গণভোটবিরোধী অবস্থানের তীব্র সমালোচনা করেছেন।
তিনি উল্লেখ করেন যে, জুলাই বিপ্লব না হলে দীর্ঘ দেড় দশক ধরে নির্যাতিত দল বিএনপি যেমন ক্ষমতার আলো দেখার সুযোগ পেত না, তেমনি অনেক শীর্ষ নেতাও ফাঁসির মঞ্চ থেকে ফিরে বিরোধী দলের ভূমিকা পালন করতে পারতেন না। তার মতে, আজকের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের সুযোগ কেবল জুলাইয়ের ছাত্র-জনতার ত্যাগের বিনিময়েই সম্ভব হয়েছে।
রাকিব তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, রাষ্ট্রের সংস্কার কার্যক্রমের একটি আবশ্যিক অংশ হলো গণভোট। তিনি দাবি করেন, গণহত্যাকারী ও স্বৈরাচারী দল আওয়ামী লীগ ছাড়া জুলাইয়ের পক্ষের প্রায় সব অংশীজনই গণভোটের বিষয়ে একমত ছিল। এমনকি বর্তমান প্রধানমন্ত্রীও নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন। এমতাবস্থায় নির্বাচনের পর গণভোট নিয়ে টালবাহানা করাকে তিনি রাজনৈতিক দ্বিচারিতা হিসেবে অভিহিত করেছেন।
জবি ছাত্ররাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই ভিপি প্রার্থী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তিনি জুলাই বিপ্লবের চেতনা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আজীবন লড়াই চালিয়ে যাবেন। যারা জুলাইয়ের শহীদদের রক্তের সাথে বেঈমানি করবে বা বিপ্লবকে বিক্রি করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে রাজপথে থাকার অঙ্গীকার করেন তিনি। স্ট্যাটাসের শেষে তিনি এক আবেগঘন হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘জান দেব, তবু জুলাই দেব না।’ তার এই বক্তব্য ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন