শনিবার, ১০ অক্টোবর, ২০২৬,

হাবিপ্রবিতে শুরু হলো স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট

জাতীয় ডেস্ক

মার্চ ৩১, ২০২৬, ০৬:৫৬ পিএম

হাবিপ্রবিতে শুরু হলো স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট

হাবিপ্রবিতে ক্রিকেট টুর্নামেন্ট ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সবুজ চত্বরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‍‍`স্বাধীনতা কাপ আন্তঃঅনুষদীয় ক্রিকেট প্রতিযোগিতা–২০২৬‍‍`। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল সংলগ্ন খেলার মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

বিকেল ৫টায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. এনামউল্যা।

ক্রীড়ামুখী এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মো. শফিকুল ইসলাম সিকদার এবং কোষাধ্যক্ষ ড. এম. জাহাঙ্গীর কবির। শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের কর্মকর্তারা। 

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।উদ্বোধনী ভাষণে উপাচার্য ড. মো. এনামউল্যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার অপরিসীম গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, শুধু পুঁথিগত বিদ্যা বা একাডেমিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই। 

খেলাধুলা শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ায় এবং মাদকসহ সমাজের বিভিন্ন নেতিবাচক প্রভাব থেকে তাদের দূরে রাখতে কার্যকর ভূমিকা পালন করে। শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর জীবন গড়তে নিয়মিত এমন আয়োজন অব্যাহত রাখার ওপরও তিনি জোর দেন।শরীরচর্চা শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মেধাবী ক্রিকেটাররা একে অপরের মুখোমুখি হবে। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন অতিথিরা। জাতীয় চেতনার এই মাসে হাবিপ্রবি ক্যাম্পাসে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী কয়েকদিন ধরে বিভিন্ন অনুষদের মধ্যেকার এই লড়াই চলবে বলে আয়োজক কমিটি সূত্রে জানা গেছে।