বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৬:৪৫ পিএম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৪৭তম বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) আজ মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে। এবারের লিখিত পরীক্ষায় সর্বমোট ৩ হাজার ৬৩১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। 

ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের লক্ষে অনুষ্ঠিত এই পরীক্ষার ফলাফল প্রকাশের পর এখন পরবর্তী ধাপ তথা মৌখিক পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে।

পিএসসি সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বিকেল পৌনে ৫টার দিকে কমিশনের বিশেষ সভায় ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল অনুমোদিত হয়। এরপরই পিএসসির ওয়েবসাইটে ফলাফল আপলোড করা হয়। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি খুব শীঘ্রই সংবাদ বিজ্ঞপ্তি এবং পিএসসির ওয়েব পোর্টালে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। 

গত বছরের ২৭ নভেম্বর শুরু হওয়া এই লিখিত পরীক্ষা শেষ হয়েছিল ১৮ ডিসেম্বর। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রিলিমিনারি ধাপ থেকে মোট ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী মনোনীত হয়েছিলেন।উত্তীর্ণ ৩ হাজার ৬৩১ জন প্রার্থী এখন সিভিল সার্ভিসের চূড়ান্ত স্তরে প্রবেশের জন্য মৌখিক পরীক্ষায় লড়াই করবেন। 

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে শূন্য পদ পূরণের লক্ষে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। ফলাফল নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে বা পুনর্নিরীক্ষার কোনো সুযোগ আছে কি না, সে বিষয়ে পিএসসি পরবর্তীতে বিস্তারিত নির্দেশনা প্রদান করবে। উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানিয়ে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।