রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ১১:৩৭ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার দুপুরে প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ আজ সকালে এই তথ্য নিশ্চিত করেছেন।রোববার (৩ মে) সকালে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে উপাচার্য এই তথ্য জানান। সেখানে তিনি উল্লেখ করেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল আজকে দুপুরের মধ্যে দিয়ে দিবো ইন শা-আল্লাহ।’ 

উপাচার্যের এই ঘোষণার পর ফলাফল প্রত্যাশী লাখো শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে।এর আগে গত ২৫ এপ্রিল (শনিবার) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। 

ভর্তি কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবারের স্নাতক ভর্তি পরীক্ষায় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশ নেন। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়াই করছেন প্রায় ২ জন শিক্ষার্থী।

উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর দেওয়া তথ্যানুযায়ী, সারাদেশে মোট ৮৮০টি কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। এর মধ্যে ৩৭৫টি সরকারি এবং ৫০৫টি বেসরকারি কলেজ রয়েছে। মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সরকারি কলেজগুলোর ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছিল ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন। অন্যদিকে বেসরকারি কলেজের ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৫৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী।

পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে মোট ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। এর মধ্যে ঢাকা মহানগরে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি, বরিশালে ১০টি, সিলেটে ৯টি এবং ময়মনসিংহে ৩টি কেন্দ্র ছিল। দুপুরে ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে তাঁদের ফলাফল জানতে পারবেন।