মে ১৪, ২০২৬, ০৩:১৩ পিএম
আগামী ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা এ বছরের ৩১ ডিসেম্বর থেকে শুরু করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ পরীক্ষা শেষ করার প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এই সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকদের মতামত বিবেচনা করে প্রাথমিকভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষামন্ত্রীর ডিসেম্বরে পরীক্ষা শুরুর ঘোষণা এবং শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার দাবির মধ্যে সমন্বয় করে ৩১ ডিসেম্বর তারিখটি প্রস্তাব করা হয়েছে।
প্রাথমিক খসড়া অনুযায়ী, ৩১ ডিসেম্বরে শুরু হয়ে আগামী বছরের ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় বা লিখিত পরীক্ষা শেষ করা হবে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারির ৮ বা ৯ তারিখ থেকে সম্ভাব্য রমজানের ছুটি শুরু হতে পারে। তার আগেই পরীক্ষা শেষ করার বিষয়ে মন্ত্রণালয় গুরুত্ব দিচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসিতে প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পাকাপাকিভাবে ডিসেম্বরের মধ্যে নিয়ে আসতে একটি দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
বৈঠকে অংশ নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শিক্ষামন্ত্রী ডিসেম্বরেই পরীক্ষা শুরুর বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি ৩১ ডিসেম্বর শুরু ও ৭ ফেব্রুয়ারি শেষ ধরে একটি পূর্ণাঙ্গ খসড়া সময়সূচি তৈরির নির্দেশনা দিয়েছেন। রুটিনটি চূড়ান্ত করার আগে আরও একবার পর্যালোচনা করা হবে। মূলত মন্ত্রীর নির্দেশনা এবং শিক্ষার্থীদের চাওয়া—এই দুইয়ের সমন্বয়েই ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরুর প্রস্তাব রাখা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রস্তুতিতে পর্যাপ্ত সময় পাওয়ার দাবিও পূরণ হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন