মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাবিতে প্রথমবারের মতো শনিবারের বাস ট্রিপ চালু

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৮:০৯ পিএম

ঢাবিতে প্রথমবারের মতো শনিবারের বাস ট্রিপ চালু

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানিয়েছেন, সরকারি ছুটির দিন হিসেবে শনিবার তালিকাভুক্ত হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে বাসরুটগুলোতে শনিবারের বিশেষ ট্রিপ চালু হতে যাচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটের সামনে ফিতা কেটে এই বাস ট্রিপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আগামী পরশু শনিবার থেকে এই বাসগুলো নিয়মিত চলাচল করবে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, পরিবহন ম্যানেজার কামরুল ইসলাম, ডাকসুর জিএস এস এম ফরহাদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহসহ বিভিন্ন বাস রুটের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। বসন্ত বাস রুটের সভাপতি খাদিজা পারভীন মাসকুরা জানান, সপ্তাহে কোনো ক্লাস মিস হয়ে গেলে তা সাধারণত মেকআপ ক্লাস হিসেবে শনিবারে নেওয়া হতো। 

কিন্তু ওই দিন বিশ্ববিদ্যালয়ের বাস না থাকায় প্রায়ই ক্লাসে আসতে দেরি হতো বা পরীক্ষা ধরার ক্ষেত্রে ঝুঁকি তৈরি হতো। এই দীর্ঘদিনের যৌক্তিক দাবি পূরণ করায় তিনি ডাকসুকে ধন্যবাদ জানান। কিঞ্চিৎ বাস রুটের সভাপতি ফাহিম উল্লেখ করেন, অনাবাসিক শিক্ষার্থীদের চার বছরের কষ্ট ও অতিরিক্ত যাতায়াত ভাড়া বাঁচবে এই সিদ্ধান্তের মাধ্যমে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের লোকাল বাসে যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমবে।

ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ জানান, পূর্বে যখন বিশ্ববিদ্যালয়ে শনিবারে নিয়মিত ক্লাস হতো তখন এই ট্রিপ চালু ছিল। সরকারিভাবে শনিবার বন্ধ ঘোষণার পর থেকে এই সেবা বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি ও তাঁর নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ইউজিসি (UGC) থেকে পরিবহন খাতের জন্য বিশেষ ফান্ড বরাদ্দ আনা হয়। শুরুতে বাজেট স্থায়িত্ব নিয়ে কিছুটা প্রশাসনিক জটিলতা তৈরি হলেও পরবর্তীতে সিন্ডিকেট মিটিংয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এই দীর্ঘদিনের দাবি মেনে নিতে বাধ্য হয়।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ডাকসু নির্বাচনের পর থেকে ইশতেহার বাস্তবায়নে তারা কাজ করছেন। ইউজিসি থেকে ফান্ড আনার পরও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পক্ষ থেকে প্রশাসনিক কিছু গড়িমসি ছিল। পরবর্তীতে সিন্ডিকেটে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা হয়। আগামী শনিবার থেকে ট্রিপটি নিয়মিত ও নিখুঁতভাবে চলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবহন ম্যানেজার কামরুল ইসলাম এই উদ্যোগের পুরো কৃতিত্ব ছাত্র প্রতিনিধিদের দিয়ে জানান, শনিবার শিক্ষার্থীদের একাডেমিক কাজ, পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের ক্লাস ও পরীক্ষা থাকে। এই কারণে এই দাবিটির পূর্ণ যৌক্তিকতা ও ন্যায্যতা ছিল। পরিবহন দপ্তর থেকে শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় সব ধরনের যৌক্তিক সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।