মে ১৬, ২০২৬, ১১:১৩ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ৫৮তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্নাতক (বিবিএ), স্নাতকোত্তর (এমবিএ), এক্সিকিউ এমবিএ (ইএমবিএ) এবং ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) প্রোগ্রামের মোট ৩৬৫ জন শিক্ষার্থী ডিগ্রি লাভ করেন।
ডিগ্রি অর্জনকারীদের মধ্যে বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী ছিলেন ১১৬ জন।বাকিদের মধ্যে ১২৬ জন এমবিএ, ১২২ জন ইএমবিএ এবং একজন শিক্ষার্থী ডিবিএ ডিগ্রি অর্জন করেন। এ বছর মোট ২৬ জন শিক্ষার্থী অসাধারণ একাডেমিক কৃতিত্বের জন্য ডিরেক্টরস অনার লিস্টে স্থান পেয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য দুই জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদকে ভূষিত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মানবিকতা ও নৈতিকতার সমন্বয়ে পেশাজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইবিএর পরিচালক অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আবদুল্লাহ।
অনুষ্ঠানটিতে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি নবস্নাতকদের দেশের আর্থসামাজিক উন্নয়নে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানোর পাশাপাশি নিজের ছাত্রজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। বৈশ্বিক অর্থনীতির এই সন্ধিক্ষণে তরুণদের মাঝে তিনি দেশের অগ্রগতির প্রতিচ্ছবি দেখতে পান।
শিক্ষার্থীদের প্রথাগত ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করে নতুন উদ্যোক্তা হওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করেন আইবিএ পরিচালক। সবশেষে অনুষ্ঠানে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে বিশ্বকে আরও উন্নত করার আহ্বান জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. ইফতেখারুল আমিন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন