জুন ৯, ২০২৬, ০১:১৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তৃতীয় গেটের সামনে মঙ্গলবার (৯ জুন) সকালে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা ৬ দফা দাবিতে প্রকাশ্যে মানববন্ধন ও কর্মসূচি পালন করেছেন। সকাল সাড়ে ৯টার দিকে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবিসংবলিত পোস্টার প্রদর্শন করা হয়।
কর্মসূচি থেকে সংগঠনের নেতাকর্মীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার, মামলা তুলে নেওয়া এবং কোটা আন্দোলনের নামে দলীয় নিয়োগ বন্ধসহ ৬ দফা দাবি উত্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিক-ই-আতাহার মেসবাহ ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দেওয়া হয়।
শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি দাবি করেন, সংগঠনটি নিষ্ক্রিয় নয় এবং সরকারের পতনের লক্ষ্যে তারা রাজনৈতিক প্রস্তুতি নিচ্ছে। নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা করেন।
এদিকে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের এমন কর্মকাণ্ডে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন এ বিষয়ে বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি এবং জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছি। ক্যাম্পাসের নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ হলেও দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির ব্যানারে বিচ্ছিন্ন কর্মসূচির ঘটনা জনমনে উদ্বেগের জন্ম দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন