বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৪:০১ পিএম

অনার্স কোর্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি: জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত অনার্স (স্নাতক সম্মান) কোর্স বন্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি বিভিন্ন মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্স বন্ধ সংক্রান্ত একটি তথ্য ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়। সেই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ ধরনের কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের যেকোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে। যে কোনো তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা গণমাধ্যম শাখার তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে।

সারা দেশে লাখ লাখ শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে অনার্স পর্যায়ে পড়াশোনা করছেন। কোর্স বন্ধের মতো কোনো সিদ্ধান্ত বা পরিবর্তনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাই বর্তমান পরিস্থিতির আলোকে অনার্স কোর্স নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলে নিশ্চিত করেছে প্রশাসন।

সংশ্লিষ্টরা মনে করছেন, কর্তৃপক্ষের এই দ্রুত ও স্পষ্ট বার্তায় লাখ লাখ শিক্ষার্থীর মাঝে স্বস্তি ফিরে আসবে। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে সচেতন থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।